হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২১ PM

হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০৩:২৯:৫৭ PM

হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের


হাসপাতাল চালুর পূর্ব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীর। আন্দোলনের নবম দিনে এসে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্দ শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টা থেকে সুনামগঞ্জ সদরের মদনপুর পয়েন্টে এসে তারা সড়ক অবরোধ করে বলে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ।

বেলা পৌনে ১টায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছিলেন জানিয়ে তিনি বলেন, এতে মদনপুর পয়েন্টের তিনদিকে সুনামগঞ্জ-সিলেট সড়ক, সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক ও সুনামগঞ্জ-দিরাই সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী হারুন অর রশিদ বলেন, “আমাদের অনেকের পড়াশোনা শেষ হওয়ার পথে। হাতে কলমে চিকিৎসক হওয়ার জরুরি ক্লিনিক্যাল বা ওয়ার্ড ক্লাস আমরা পাচ্ছি না।

“শুধু বই পড়ে ডাক্তার হওয়া যাবে না। প্রাকটিক্যাল না পড়লে আমরা অথর্ব হয়ে বের হব। পরিবার, সমাজ ও রাষ্ট্রের বোঝা হব।”

শিক্ষার্থী তামিমা রহমান বলেন, “আমরা হচ্ছি সুনামগঞ্জ মেডিকেল কলেজের হতভাগা শিক্ষার্থী, যারা ডাক্তার হওয়ার জন্য ক্লিনিক্যাল ক্লাস ও ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে না।

“পুস্তুকি ডিগ্রি নিয়ে আমরা অথর্ব হচ্ছি। এ কারণে আমরা বাধ্য হয়ে ক্লাস বর্জন করে বাইরে চলে এসেছি। আজ আমাদের আন্দোলনের নবম দিন। দাবি আদায় না হলে আমরা আমরণ কর্মসূচি চালাব।”

সুনামগঞ্জ মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানা যায় ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ক্যাম্পাস পার্শবর্তী শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়।

বর্তমানে মেডিকেল কলেজ ভবন ও আবাসিক ভবন চালু হলেও হাসপাতাল চালু না হওয়ায় হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো শিক্ষার্থীরা। এতে তারা জরুরি চিকিৎসার শিখন কার্যক্রম থেকে পিছিয়ে পড়ছে।

এই অবস্থায় ২০২৫ সালেও তারা ওয়ার্ড ক্লাস চালুর দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালনের পর সরকার সুনামগঞ্জ সদর হাসপাতালে ক্লিনিকেল ক্লাস চালুর সিদ্ধান্ত নেয়। এখন মদনপুর ক্যাম্পাস থেকে জেলা সদরে এসে শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস করছেন।

আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, এক বছরের বেশি সময় ধরে হাসপাতাল ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু এরপরও হাসপাতাল চালু না হওয়ায় মেডিকেলের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারছেন না। এই দাবিতে গত বছর তারা আন্দোলন করলে সরকার এক বছরের মধ্যে হাসপাতাল চালুর আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

কিন্তু এক বছর অতিবাহিত হবার পরও হাসপাতাল চালুর কোনও উদ্যোগ না নেওয়ায় আবারও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, “সড়ক অবরোধের খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি।” 

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর