বিয়ানীবাজার উপজেলায় দুই দিনের ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পরপর প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে আঞ্চলিক সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের সাচান এলাকার সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের কাঠলী ব্রিজ সংলগ্ন স্থানে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আবু বক্কর সাইফুল্লাহ (১৬) ঘটনাস্থলেই নিহত হন। তিনি মাথিউরা ইউনিয়নের দুধবকশী গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রাইহান আহমদ (২০) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা টোল পয়েন্ট এলাকায় সিলেট থেকে বিয়ানীবাজারগামী আমবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা ফখরুল ইসলাম (৪৮) চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফখরুল ইসলাম উপজেলার মেওয়া (বর্তমানে নয়া দুবাগ) এলাকার মৃত হারিছ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের সাচান গেট এলাকায় সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কালাই মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








