জৈন্তাপুরে ‘প্রজেক্ট শিফা’র আওতায় শিশুদের বিনামূল্যে টিকাদান কর্মসূচি
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০০ PM

জৈন্তাপুরে ‘প্রজেক্ট শিফা’র আওতায় শিশুদের বিনামূল্যে টিকাদান কর্মসূচি

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৭:১২:৩৮ PM

জৈন্তাপুরে ‘প্রজেক্ট শিফা’র আওতায় শিশুদের বিনামূল্যে টিকাদান কর্মসূচি


জৈন্তাপুরে যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথ সহযোগিতায় ইউকে প্রবাসী নাশিতা নাজওয়ার উদ্যোগে প্রজেক্ট শিফা (Project Shifa) এর আওতায় শিশুদের জন্য বিনামূল্যে টিকাদান ও স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার দরবস্তস্থ মরিয়ম মেমোরিয়াল হাসপাতালে আয়োজিত এ কর্মসূচিতে ৩ থেকে ৮ বছর বয়সী শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করা হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল— প্রতিরোধের মাধ্যমে সুরক্ষা (Protection Through Prevention)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলহাজ জয়নাল আবেদীন। তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের একটি চ্যারিটেবল উদ্যোগের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিতে শিশুদের জ্বর, সর্দি, ইনফ্লুয়েঞ্জা,নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শও দেন চিকিৎসকরা।

উদ্যোক্তা নাশিতা নাজওয়া বলেন,শিশুদের বিনামূল্যে টিকা গ্রহণ করতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমাদের ছোট্ট একটি উদ্যোগের সূচনা মাত্র। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনা করা হবে।প্রজেক্ট শিফা’র মূল লক্ষ্য হলো- প্রতিরোধের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক গোলাম কিবরিয়া, আনওয়ারুল আম্বিয়া, সাব্বির আহমেদ, আব্দুল করিম,জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, ইঞ্জিনিয়ার তানভীর হোসেন, শামসউদ্দিন।

স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেন সিলেট ইম্পেরিয়াল হাসপাতালের পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম। তারা দিনব্যাপী শিশুদের স্বাস্থ্য পরীক্ষা,পরামর্শ ও টিকাদান কার্যক্রম সম্পন্ন করেন।

আয়োজকরা জানান, প্রজেক্ট শিফা’-এর আওতায় ভবিষ্যতেও জৈন্তাপুরসহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা,টিকাদান এবং জনসচেতনতামূলক কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর