রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৬ PM

রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৭:৩৯:০২ PM

রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত


সিলেটের একটি অভিজাত হোটেলে রোটারি ইন্টারন্যাশনালের আদর্শে সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক (ইনস্টলেশন) শুক্রবার রাত ৮টায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিনের সঞ্চালনায় এবং রোটারিয়ান শাহ আশিকুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন রোটারি বাংলাদেশের ডিস্ট্রিক্ট-৬৪ ও ৬৫-এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ. জামান, পিএইচডি এবং পিডিজি লেফটেন্যান্ট কর্নেল (অব.) আতাউর রহমান পীর।

অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীর, সেক্রেটারি রোটারিয়ান জাকিরা ফাতেমা লিমি চৌধুরী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন রোটারি বর্ষের কার্যক্রমের সূচনা করেন। এ সময় রোটারির মূলনীতি অনুসরণ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন এবং মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীর তাঁর বক্তব্যে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে পরিচালিত দেশের অন্যতম বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান জালালাবাদ পঙ্গু পুনর্বাসন কেন্দ্র এবং ফ্রি ফ্রাইডে ক্লিনিক-এর কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা, পুনর্বাসন ও বিভিন্ন মানবিক সেবা পেয়ে আসছেন। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি রোটারির মতো সেবাধর্মী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারির বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

বিশেষ অতিথি পিডিজি ইশতিয়াক এ. জামান বলেন, রোটারির মূল শক্তি হলো সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন। তিনি নতুন নেতৃত্বকে রোটারির আন্তর্জাতিক আদর্শ ধারণ করে সমাজের কল্যাণে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বায়োগ্রাফি পাঠ করেন রোটারিয়ান পিপি প্রফেসর ডা. আব্দুস সালাম।

এ সময় মহানগর বিএনপির সেক্রেটারি এমদাদ হোসেন চৌধুরী, রোটারি ক্লাব অব জালালাবাদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন রোটারি ক্লাবের রোটারিয়ান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সবশেষে নবগঠিত কমিটির সফলতা কামনা এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর