সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। বর্তমানে দুইজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৭৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আটজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন, হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছেন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরে হবিগঞ্জে সর্বোচ্চ ৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ১৫ জন, সিলেটে ১৩ জন এবং মৌলভীবাজারে আটজন আক্রান্ত হয়েছেন। একই সময়ে বিভাগের বাইরে থেকে আসা তিনজন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণা ও বরিশাল জেলার একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্ষা মৌসুম শুরু হওয়ায় এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে গুরুত্ব দিতে হবে।
আজকের সিলেট/এপি









