হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে একটি গোখরা ও একটি দাড়াশ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে বন বিভাগের উপস্থিতিতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের জেলা সদস্য রবি কস্তা উদ্ধার করা সাপ দুটি তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হাসান, সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মোবারক হাসানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, ‘দাড়াশ সাপ কৃষকের বন্ধু। এটি প্রচুর ইঁদুর খেয়ে ফসল রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অকারণে কোনো সাপ হত্যা করা উচিত নয়।’
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য রবি কস্তা বলেন, ‘বন্যা ও টানা বৃষ্টির কারণে সাপের প্রাকৃতিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা লোকালয়ে চলে আসছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও সাপ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সংরক্ষণ করা প্রয়োজন।’
তিনি আরও জানান, রোববার চুনারুঘাট উপজেলার আমতলী চা বাগানের বাসিন্দা রুমেল ব্যানার্জীর বাড়িতে দুটি সাপ আশ্রয় নেয়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপ দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সোমবার বন বিভাগের সহযোগিতায় সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুলো অবমুক্ত করা হয়। বন বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা হত্যা না করে, দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি 








