গোয়াইনঘাট সদর ইউনিয়নে ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় থানায় অভিযোগ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০৬ PM

গোয়াইনঘাট সদর ইউনিয়নে ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় থানায় অভিযোগ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ০৮:৪৭:৩৫ PM

গোয়াইনঘাট সদর ইউনিয়নে ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় থানায় অভিযোগ


গোয়াইনঘাটে বালুবাহী নৌকা থেকে ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায়, আটক ও মারধরের চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক নৌযান ব্যবসায়ী।

অভিযোগকারী মো. বাবুল মিয়া (৩৪), গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপাড় গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ২২ জুলাই হাজিপুর ইজারাভুক্ত এলাকা থেকে বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার সময় পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের নির্ধারিত ট্যাক্স পরিশোধ করে বৈধ রশিদ সংগ্রহ করেন। পরে পশ্চিম জাফলং ইউনিয়ন অতিক্রম করে আম্বারী এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি পুনরায় ট্যাক্স দাবি করেন।

তিনি পূর্বে পরিশোধ করা ট্যাক্সের রশিদ দেখালেও অভিযুক্তরা সেটি গ্রহণ না করে গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের ট্যাক্স পরিশোধ করতে বাধ্য করার চেষ্টা করেন। এতে আপত্তি জানালে গোলাম কিবরিয়া, তাজুল ইসলামসহ কয়েকজন তাকে জোরপূর্বক আটক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় আবুল হোসেন নামে একজন জুতা দিয়ে মারধরের চেষ্টা করেন, তবে উপস্থিত অন্য একজন তাকে নিভৃত করেন।

অভিযোগে আরও বলা হয়, পরে অভিযুক্তরা জোরপূর্বক গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের ৯০০ টাকার একটি ট্যাক্স রশিদ ধরিয়ে দিয়ে তার কাছে থাকা আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকা নিয়ে যায়।

ঘটনার সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ইজারাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কার্যকর কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগে উল্লেখ করেন। এছাড়া ঘটনার পর অভিযুক্তরা তাকে পুনরায় ওই এলাকায় গেলে ক্ষতির হুমকি দিচ্ছে বলেও দাবি করেছেন।

মো. বাবুল মিয়া তার অভিযোগে বিষয়টির সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জোরপূর্বক আদায়কৃত অর্থ উদ্ধার এবং ভবিষ্যতে নৌযান চালক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, অভিযোগ পত্র আমার হাতে আসেনি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ইউনিয়ন ট্যাক্সের ব্যাপারে আমি কিছু জানিনা এবং আমার কোন অনুমোদন নেই। সংশ্লিষ্ট ইউনিয়ন কর্তৃপক্ষ কিভাবে নেয় তারা ভালো বলতে পারে। 

তিনি বলেন, ভুক্তভোগী চাইলে ডিসি অফিসের স্থানীয় সরকার বিভাগে অভিযোগ করতে পারেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর