সিলেট নগরীতে অজগর ও দুধরাজ সাপ উদ্ধার
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ PM

সিলেট নগরীতে অজগর ও দুধরাজ সাপ উদ্ধার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৩:০১:০৪ PM

সিলেট নগরীতে অজগর ও দুধরাজ সাপ উদ্ধার


একই দিনে সিলেট নগরী ও আশপাশের এলাকায় দুটি সাপ উদ্ধার করেছে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’। নগরীর খাসদবীর এলাকা থেকে প্রায় ৬ ফুট দীর্ঘ ও ৮ কেজি ওজনের একটি বার্মিজ অজগর এবং সালুটিকর এলাকা থেকে প্রায় ৫ ফুট লম্বা একটি নির্বিষ তামাটে মাথা দুধরাজ সাপ উদ্ধার করা হয়।

জানা গেছে, খাবারের সন্ধানে পার্শ্ববর্তী চা বাগান থেকে অজগরটি খাসদবীরের লোকালয়ে চলে আসে। কয়েকদিন আগে স্থানীয়দের নজরে পড়ার পর তারা ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সঙ্গে যোগাযোগ করেন। পরে সংগঠনের সিলেট প্রতিনিধি নোমান হোসাইন সেখানে গিয়ে এলাকা পরিদর্শন করেন।

ঘন ঝোপঝাড়ে আচ্ছাদিত থাকায় প্রথম দফায় অজগরটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। নিরাপত্তার কথা বিবেচনা করে নোমান হোসাইন ঝোপঝাড় পরিষ্কার করার পরামর্শ দেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় এবং স্থানীয় রাজনীতিবিদ হুমায়ূন আহম্মেদ মাসুকের তত্ত্বাবধানে তিন দিন ধরে ওই এলাকা পরিষ্কার করা হয়।

গতকাল বুধবার পরিষ্কার কার্যক্রমের সময় অজগরটির অবস্থান নিশ্চিত হওয়ার পর নোমান হোসাইন সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

অন্যদিকে, জেলার সালুটিকর ছালিয়া এলাকার একটি বসতবাড়ির গোয়ালঘরের পাশের মাটির গর্ত থেকে প্রায় ৫ ফুট লম্বা দুধরাজ সাপটি উদ্ধার করা হয়। এলাকার বাসিন্দা মাজহারুল ইসলাম সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত না হয়ে উদ্ধারকারী দলকে খবর দেন। পরে নোমান হোসাইন ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

উদ্ধার শেষে স্থানীয়দের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে আলোচনা করা হয়। এতে সাপের কামড়ের পর করণীয়, নির্বিষ সাপের বৈশিষ্ট্য এবং সাপ নিয়ে প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, দুধরাজ সাপ নির্বিষ এবং পরিবেশের জন্য উপকারী। তাই এ ধরনের সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞদের খবর দেওয়ার আহ্বান জানানো হয়।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সিলেট জেলা প্রতিনিধি নোমান হোসাইন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত এটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। একই দিনে সালুটিকর এলাকা থেকে একটি দুধরাজ সাপও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জীববৈচিত্র্যের জন্যও এটি অত্যন্ত উপকারী। বনভূমি কমে যাওয়ার কারণে অনেক সময় বন্যপ্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। এমন পরিস্থিতিতে সাপকে আঘাত না করে সংশ্লিষ্টদের খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

নোমান হোসাইন আরও জানান, সাম্প্রতিক সময়ে সিলেট অঞ্চলে একাধিক অজগর উদ্ধার করা হয়েছে। এর আগে প্রায় ৬-৭ মাস আগে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছিল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর