শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথের পাশেই জমছে ময়লার স্তূপ। ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ, বাড়ছে মশা-মাছির উপদ্রব। সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয় দুটির প্রবেশপথের কাছাকাছি স্থানে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশ ওই স্থানকেই বর্জ্য ফেলার জায়গা হিসেবে ব্যবহার করছেন। এতে সেখানে তৈরি হয়েছে অঘোষিত ময়লার ভাগাড়।
ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছে। শ্রেণিকক্ষে বসে অনেক শিক্ষার্থীকে নাক চেপে ক্লাস করতে হচ্ছে। পাশাপাশি মশা-মাছির উৎপাত বেড়ে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। অভিভাবকদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কোমলমতি শিক্ষার্থীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে।
গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালিকুর রহমান বলেন, ‘পবিত্র ও সংবেদনশীল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এভাবে ময়লার স্তূপ থাকা কোনোভাবেই কাম্য নয়।’ তাঁর ভাষ্য, এতে মডেল স্কুলের সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যও চরম হুমকির মুখে পড়ছে।
তিনি জানান, বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ময়লার ভাগাড়টি অপসারণ করে নির্দিষ্ট ডাম্পিং জোনে বর্জ্য সরিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধরন সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন বলেন, উপজেলা সদরের দুটি মডেল স্কুলের সামনে ময়লার স্তূপের তীব্র দুর্গন্ধে শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা প্রতিনিয়ত অতিষ্ঠ হচ্ছেন। অথচ উপজেলায় বর্জ্য ব্যবস্থাপনা কমিটি সচল রয়েছে এবং এ কাজে পর্যাপ্ত অর্থ বরাদ্দের পাশাপাশি ময়লা আনা-নেওয়ার জন্য গাড়ি ও পরিচ্ছন্নতাকর্মীও নিয়োগ দেওয়া আছে।
তিনি বলেন, প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধা ও জনবল থাকার পরও উপজেলা সদরের মূল কেন্দ্রে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের অব্যবস্থাপনা ও উদাসীনতা বন্ধ করে স্কুলের চারপাশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
বিষয়টি সম্পর্কে ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন বলেন, স্কুলের সামনে ময়লা ফেলার কারণে শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তির বিষয়টি তাঁরা জানেন। বাজার ও আশপাশের আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় সাময়িকভাবে সেখানে ময়লা জমেছে।
তিনি বলেন, খুব দ্রুত এসব আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যাতে কেউ ময়লা ফেলতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল দ্রুত ময়লার স্তূপ সরিয়ে নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
আজকের সিলেট/ প্রতিনিধি / জেকেএস
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে 








