প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ PM

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ১০:২২:৪৬ AM

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ


বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর পূর্ণ হলো আজ ৩ সেপ্টেম্বর। ২০০৭ সালে গ্রেফতারের পর প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের এই দিনে রাজধানীর পিজি হাসপাতাল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ রাজধানীর ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেফতার করা হয় তারেক রহমানকে। পরে বিভিন্ন মামলায় তাকে কারাগারে রাখা হয়। কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করে আসছে বিএনপি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে পিজি হাসপাতালে নেওয়া হয়।

২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিকেলে হাসপাতাল থেকেই জামিনে মুক্তি পান তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। তার মুক্তির খবর পেয়ে হাসপাতালের বাইরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হন।

মুক্তির আট দিন পর, ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। এরপর দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এতে তার ৬ হাজার ৩১৪ দিনের প্রবাসজীবনের অবসান ঘটে।

বিএনপির নেতাকর্মীদের কাছে ৩ সেপ্টেম্বর তারেক রহমানের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। দলটির নেতাদের অভিযোগ, কারাগারে থাকা অবস্থায় তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে নির্যাতন করা হয়েছিল। তাদের দাবি, ওই নির্যাতনের ফলে তার মেরুদণ্ডে গুরুতর সমস্যা দেখা দেয় এবং কারামুক্তির পরও দীর্ঘ সময় তাকে চিকিৎসা নিতে হয়েছে।

এদিকে কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা তারেক রহমানের কারাবাস এবং ওই সময়ের নির্যাতনের বিষয় তুলে ধরে বক্তব্য দেন।

দলীয় সূত্র বলছে, প্রতিবছরই নানা কর্মসূচির মাধ্যমে ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তির দিনটি স্মরণ করেন বিএনপির নেতাকর্মীরা। তাদের কাছে দিনটি তার রাজনৈতিক পথচলার একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর