সিলেট বিভাগে হাম শনাক্ত আরও ১৬, সন্দেহজনক রোগে শিশুর মৃত্যু
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ PM

সিলেট বিভাগে হাম শনাক্ত আরও ১৬, সন্দেহজনক রোগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০২:২৭:০৫ PM

সিলেট বিভাগে হাম শনাক্ত আরও ১৬, সন্দেহজনক রোগে শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হাম পরিস্থিতিতে নতুন করে ১৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা হয়েছে ১৭৯ জন। সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১৬৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৩ জন।

চলতি বছরের শুরু থেকে সিলেট জেলায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৯৬ জন। হবিগঞ্জে এ সংখ্যা ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের হিসাবের মধ্যে রুবেলা রোগী রয়েছেন দুজন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সরকারি প্রতিবেদনে তার বয়স আট মাস উল্লেখ করা হয়েছে। শিশুটি সিলেট সদর উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেট বিভাগে ১৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৬৮, হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৫ জন মারা গেছেন।

অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ নিশ্চিত হাম রোগে বিভাগে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

দুই ধরনের মৃত্যুর হিসাব একত্র করলে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা ১৭৯ জন।

হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ভর্তি হয়েছেন।

মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নতুন করে ১৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৬৩ সন্দেহজনক রোগীর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪৫ জন রয়েছেন।

এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে তিনজন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ভর্তি আছেন।

সিলেটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সন্দেহজনক হাম রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে কোম্পানীগঞ্জে পাঁচজন, বিশ্বনাথে তিনজন, বিয়ানীবাজারে ছয়জন, গোলাপগঞ্জে ১১ জন এবং ফেঞ্চুগঞ্জে দুজন রয়েছেন।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে বর্তমানে ৫২ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সন্দেহজনক হাম রোগী ভর্তি আছেন। অন্যদিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪০ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর