খসে পড়ছে ঢালাই: ঝুঁকিতে মাধবপুরের পুরোনো সেতু
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ PM

রড বেরিয়ে মরিচা

খসে পড়ছে ঢালাই: ঝুঁকিতে মাধবপুরের পুরোনো সেতু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৯:৪৬:৫৮ AM

খসে পড়ছে ঢালাই: ঝুঁকিতে মাধবপুরের পুরোনো সেতু


পিলার-বিমের ঢালাই খসে বেরিয়ে এসেছে লোহার রড, দীর্ঘদিন উন্মুক্ত থাকায় সেগুলোতে ধরেছে মরিচা। কোথাও কোথাও ভেঙে পড়েছে কংক্রিটও। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত পুরোনো সেতুটির এমন নাজুক চিত্র এখন পথচারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, সেতুটির একাধিক পিলার ও বিমের সিমেন্টের আস্তর উঠে গেছে। কয়েকটি স্থানে পিলারের লোহার রড পুরোপুরি বাইরে বেরিয়ে রয়েছে। বিশেষ করে সেতুর নিচের অংশে রডগুলোতে ব্যাপক মরিচা ধরেছে। বিভিন্ন জায়গায় কংক্রিটও ভেঙে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়াতেই সেতুটির বিভিন্ন অংশ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পিলার ও বিমের ঢালাই খসে রড বেরিয়ে যাওয়ায় সেতুটির নিরাপত্তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

গুরুত্বপূর্ণ এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। ফলে সেতুটির বর্তমান অবস্থা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দা ও হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশীদ বলেন, প্রতিদিন এই সেতু দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

তিনি বলেন, বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর সেতুটির যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় এর বিভিন্ন অংশের অবস্থা খারাপ হয়েছে। পিলার ও বিমের ঢালাই খসে লোহার রড উন্মুক্ত হয়ে পড়ার পর পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন তাঁরা।

বিষয়টি নিয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শামস জাবেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সম্প্রতি মাধবপুর উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন। এ কারণে সেতুটির আগের সংস্কার ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিষয়ে তাঁর কাছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য নেই।

তবে সেতুটির বর্তমান অবস্থা খতিয়ে দেখে পরিদর্শনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর