হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি রেঞ্জের তেলমাছড়া বন বিটের ভিলেজার পাড়া এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা সেগুন ও আকাশমণি গাছের ২০ বান্ডিল জ্বালানি কাঠ জব্দ করেছে বন বিভাগ। রোববার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করা হয়। মাধবপুর উপজেলার জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের স্টাফদের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানে জব্দ করা কাঠ বর্তমানে জগদীশপুর বন বিট কার্যালয়ে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
তবে স্থানীয়দের অভিযোগ, তেলমাছড়া বন বিট এলাকায় যথাযথ তদারকি না থাকায় বনদস্যুদের তৎপরতা বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, সংশ্লিষ্ট কিছু সদস্যের যোগসাজশে রাতের আঁধারে বনাঞ্চল থেকে মূল্যবান বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচার করা হচ্ছে।
তাদের অভিযোগ, প্রতিদিন বন থেকে গাছ কেটে জ্বালানি কাঠ হিসেবে দূর-দূরান্তে বিক্রি করা হচ্ছে। এতে সাতছড়ি বনাঞ্চলের জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে বলে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
আজকের সিলেট/ জেকেএস
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








