পরিকল্পিত সন্ত্রাসের অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে : বাণিজ্যমন্ত্রী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ PM

পরিকল্পিত সন্ত্রাসের অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ০৮:৪৯:৩৮ PM

পরিকল্পিত সন্ত্রাসের অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে : বাণিজ্যমন্ত্রী


পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, দেশ যখন একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি চক্র দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার অপতৎপরতা চালাচ্ছে। কিন্তু জনগণ ও সচেতন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের এই চক্রান্ত কখনই সফল হবে না।

শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টারি মাঠে আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কড়া নজরদারির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের নানা শুল্ক বাধা দূর করতে সফল উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, যেকোন গোষ্ঠীর সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকে রাজপথেই রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেন, দিল্লিতে বসে ফ্যাসিস্ট হাসিনা দেশে অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে না পারে, সে লক্ষ্যেই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে শেখ হাসিনাকেই মূল কারিগর বলে আমরা মনে করি।

তিনি বলেন, দেশের মানুষ কোনো ধরনের অরাজকতা ও নৈরাজ্য চায় না। জনগণের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ ছাড়া সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আমির হোসেন, ডা. আশরাফ আলী, আফজাল উদ্দিন ও আব্দুর রহিম মল্লিকসহ প্রমুখ নেতাকর্মীরা সভায় বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব প্রমুখ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর