মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দোকানঘরে ঢুকে পড়া গন্ধগোকুল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে নিরাপদ আশ্রয়ের জন্য প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডের রিপা মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যবসায়ী সুবল দাশ দোকান খোলার সময় হঠাৎ একটি গন্ধগোকুল দোকানের ভেতরে ঢুকে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের প্রচেষ্টায় গন্ধগোকুলটিকে অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রাণীটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, কোথাও কোনো বন্যপ্রাণী আটকা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ বনবিভাগে খবর দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকেও জানানোর অনুরোধ করেছেন তিনি।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








