হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে রাখা ২০০ লিটার সয়াবিন তেলভর্তি একটি ড্রাম নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। দোকান মালিক সঞ্জু কৈরির অভিযোগ, একটি ছোট পিকআপে করে এসে যুবকেরা ড্রামটি তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। রোববার সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
সঞ্জু কৈরির ভাষ্য, সকালে কয়েকজন যুবক একটি ছোট পিকআপ নিয়ে তার দোকানের সামনে আসে। তারা গাড়ি থেকে নেমে দোকানের সামনে রাখা তেলের ড্রামটি কোনো কিছু বুঝে ওঠার আগেই পিকআপে তুলে নেয়। এরপর দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়।
দোকান মালিক জানান, ড্রামটিতে প্রায় ২০০ লিটার সয়াবিন তেল ছিল। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে। তার ধারণা, পিকআপটি মাধবপুরের আশপাশের কোনো উপজেলা বা জেলার হতে পারে।
ঘটনার পর তেলিয়াপাড়া বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পিকআপটির গতিবিধি এবং ওই যুবকদের শনাক্ত করতে বিভিন্নভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।
সঞ্জু কৈরি বলেন, এ ঘটনায় তিনি মাধবপুর থানায় অভিযোগ দিয়েছেন। চুরি যাওয়া তেলের ড্রাম উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয়দের কেউ অভিযুক্ত যুবকদের চিনে থাকলে কিংবা পিকআপ গাড়িটি সম্পর্কে কোনো তথ্য জানলে মাধবপুর থানা অথবা দোকান মালিককে জানানোর অনুরোধ করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অভিযোগের বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হবে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








