জামালগঞ্জে চার স্টোন ক্রাশারকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ PM

জামালগঞ্জে চার স্টোন ক্রাশারকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৪:০৬:১৪ PM

জামালগঞ্জে চার স্টোন ক্রাশারকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা


সুনামগঞ্জের জামালগঞ্জে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে যৌথ টাস্কফোর্স। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত লালপুর, লক্ষীপুর ও কামিনীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে স্টোন ক্রাশার মেশিন পরিচালনার ক্ষেত্রে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে লালপুর এলাকার মো. সোলায়মানকে ১ লাখ টাকা, লক্ষীপুর এলাকার মো. মত্তুর্জা আলীকে ১ লাখ টাকা, কামিনীপুর এলাকার মো. হোসেনকে ১ লাখ টাকা এবং একই এলাকার সফিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত এবং পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। অভিযানে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে পরিবেশগত ক্ষতি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিধিবিধান মানা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর