নেপালে হিমলুং হিমালে তুষারধস, উদ্ধার ২ মরদেহ; নিখোঁজ ১৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ AM

নেপালে হিমলুং হিমালে তুষারধস, উদ্ধার ২ মরদেহ; নিখোঁজ ১৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৯:২৯:৩৩ AM

নেপালে হিমলুং হিমালে তুষারধস, উদ্ধার ২ মরদেহ; নিখোঁজ ১৪


নেপালের মানাং জেলার ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমালের বেস ক্যাম্পে তুষারধসের ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৪ জন। রোববার সকালে ভারী বৃষ্টি ও তুষারপাতের পর ওই এলাকায় তুষারধস নামে।

তুষারধসে নিখোঁজ ব্যক্তিরা নেপালের বিভিন্ন পর্বতারোহণ কোম্পানির গাইড ও কর্মী বলে জানা গেছে। পর্বতারোহীদের আরোহণের প্রস্তুতির অংশ হিসেবে তারা বেস ক্যাম্পে কাজ করছিলেন। তিব্বত সীমান্তের কাছাকাছি হিমলুং হিমাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইডস অ্যাসোসিয়েশনের (এনএনএমজিএ) সভাপতি তুল সিং গুরুঙ জানান, কাঠমান্ডু থেকে যাওয়া একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল হিমলুং এলাকায় দুটি মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের (ডিডব্লিউ) প্রতিবেদনে এনএনএমজিএর বরাত দিয়ে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে ১৪ জন ছিলেন রান্নাঘরের কর্মী এবং দুজন পর্বতারোহণ গাইড। পরে ওই দুই গাইডের সন্ধান পাওয়া যায় এবং তাদের দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তবে তুষারধসের সময় বেস ক্যাম্পে মোট কতজন ছিলেন, তা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সেখানে অন্তত ২২ জন উপস্থিত ছিলেন। দুর্গম অবস্থান এবং যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিখোঁজ ও জীবিত ব্যক্তির সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

উদ্ধারকাজে সহায়তার জন্য কাঠমান্ডু থেকে দুটি হেলিকপ্টারে করে গাইডদের হিমলুং এলাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনএনএমজিএ। সংস্থাটি ইতোমধ্যে আট সদস্যের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল সেখানে মোতায়েন করেছে।

এর আগে সপ্তাহান্তে নেপালের বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়ার সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। উত্তরাঞ্চলের উঁচু এলাকাগুলোতে তুষারপাতও হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে সড়ক ও ট্রেকিং রুটে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কয়েকটি পর্বতে পর্বতারোহণ ও ট্রেকিং কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতের মধ্যে আটটির অবস্থান নেপালে। দেশটির অর্থনীতিতে ট্রেকিং ও পর্বতারোহণ পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর