খানাখন্দে ঝুঁকিপূর্ণ চলাচল, পুকুরপাড়ে দুর্ঘটনার শঙ্কা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ PM

কালনী ব্রিজ–স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক বেহাল

খানাখন্দে ঝুঁকিপূর্ণ চলাচল, পুকুরপাড়ে দুর্ঘটনার শঙ্কা

আশরাফ উদ্দিন, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০১:১৫:১৬ PM

খানাখন্দে ঝুঁকিপূর্ণ চলাচল, পুকুরপাড়ে দুর্ঘটনার শঙ্কা


সুনামগঞ্জের দিরাইয়ে কালনী ব্রিজের মুখ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পিচ ও খোয়া উঠে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। এর মধ্যে এক পাশে পুকুর থাকায় গর্ত এড়িয়ে চলতে গিয়ে যানবাহন সড়কের কিনারায় চলে যাচ্ছে। ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে ক্ষত তৈরি হয়েছে। বড় গর্তের কারণে রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে পুকুরসংলগ্ন অংশে কোনো যানবাহন নিয়ন্ত্রণ হারালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে যাতায়াত করা যানবাহনকেও প্রতিদিন এ দুর্ভোগের মধ্য দিয়ে চলতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শামসুল আলম সুবাষ বলেন, প্রায় আট বছর আগে সড়কটির কাজ হয়েছিল। গত চার-পাঁচ বছর ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। প্রায়ই রিকশা উল্টে যায়।

রোগীর স্বজন সুনীল দাস বলেন, সড়কটি শুধু সাধারণ মানুষের চলাচলের পথ নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন রোগী, তাঁদের স্বজন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ পথ ব্যবহার করেন।

সড়কের দুরবস্থার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়। তিনি বলেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। তিনি কিছুদিনের মধ্যে সংস্কারের আশ্বাস দিয়েছেন।

দিরাই পৌরসভার প্রশাসক সনজীব সরকার বলেন, কিছুদিনের মধ্যে সড়কটির সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। হাসপাতালের বিকল্প সড়কের ড্রেনের কাজ শেষ হওয়ার পর এ সড়কের কাজ করা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি পুকুরসংলগ্ন ঝুঁকিপূর্ণ অংশ নিরাপদ করার দাবি জানিয়েছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর