হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবন করে বাবা-মাকে মারধরের অভিযোগে মো. ফাহিম (২২) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবিপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায়।
দণ্ডপ্রাপ্ত ফাহিম দেবিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। অভিযানে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের পর ফাহিম প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করতেন এবং তাঁদের মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বাবা-মাকে মারধরের অভিযোগের পর প্রশাসন অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায় বলেন, মাদক সেবন ও পারিবারিক সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








