শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকাসহ ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তায় আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করবেন।
শুক্রবার সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোনা পূজামণ্ডপ পরিদর্শন শেষে মণ্ডপসংশ্লিষ্ট নেতাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে এ তথ্য জানান সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি)।
বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আট কিলোমিটারের মধ্যে ২২টি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে আরও ২০টি। এসব মিলিয়ে মোট ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তায় আট প্লাটুন বিজিবি সদস্য মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।
তিনি আরও জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিশেষ নজরদারি ও নিয়মিত টহল চলবে। সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তাব্যবস্থা তদারকি এবং টহল কার্যক্রম সহজ করতে একটি বিশেষ বেইস ক্যাম্পও স্থাপন করা হয়েছে।
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘স্থানীয় প্রশাসন, পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে আমাদের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্তে স্বাভাবিক নজরদারি ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সর্বদা বদ্ধপরিকর।’
আজকের সিলেট/ জেকেএস









