মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুরে চুরি হওয়া দুটি গরু সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গরু চুরিতে ব্যবহৃত একটি পিকআপসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। গরুর মালিক জরিফ উদ্দিন তাঁর বাড়ির পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়াসংলগ্ন একটি খালি জায়গায় গরু দুটি বেঁধে রেখেছিলেন। পরে সেখানে গিয়ে গরু দুটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং পুলিশকে বিষয়টি জানান।
অভিযোগ পাওয়ার পর গরু উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সড়ক এবং লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এর মধ্যে লামুয়া বাজারের একটি ক্যামেরার ফুটেজে হলুদ রঙের পিকআপে গরু দুটি নিয়ে যেতে দেখা যায়। সেই সূত্র ধরে পিকআপটি শনাক্ত করে পুলিশ।
পরে মঙ্গলবার ভোরে পুলিশের সহায়তায় রাজনগর উপজেলার অন্তহরি গ্রামে অভিযান চালিয়ে পিকআপটি উদ্ধার করা হয়। এ সময় রুবেল সরকার (২৪) ও দীপন সূত্রধরকে (২০) আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার কাদিপুর গ্রামে এলেমান মিয়ার (৩৮) গোয়ালঘর থেকে গরু দুটি উদ্ধার করা হয়। এ সময় স্বপন সরকার (২৩) নামের আরও একজনকে আটক করা হয়।
গরুর মালিকের অভিযোগ, আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে গরু দুটি চুরি করেছিলেন।
শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
মৌলভীবাজার প্রতিনিধি 








