বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সাতছড়ীতে শাশুড়ি হত্যা, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৩:০৭:৩৩ অপরাহ্ন

সাতছড়ীতে শাশুড়ি হত্যা, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড


হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা মো. অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন। আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান অলি মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কেনার কথা বলে শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে নিয়ে যান অলি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের তিন দিন পর, ১ জুন, চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে একটি বেতবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পত্রিকায় প্রকাশিত খবর দেখে নিহতের ছেলে মরদেহটি তাঁর মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় জাহানারা বেগমের ছেলে মো. মিজানুর রহমান বাদী হয়ে অলিউর রহমান অলির বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অলির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. গুলজার আহমেদ খান। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ ধরনের হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর