মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি তেলের সরবরাহ বন্ধের পদক্ষেপের জেরে কিউবায় এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী বিদ্যুৎ গোলযোগ দেখা দিয়েছে।
শুক্রবার কিউবার বিদ্যুৎ খাত পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা এ তথ্য জানিয়েছে।
তবে দেশটির রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এ বিদ্যুৎ গোলযোগের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি। এর আগে গত সোমবারও দেশজুড়ে একই ধরনের বিদ্যুৎ গোলযোগ দেখা দিয়েছিল। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে কিউবায় চারবার দেশব্যাপী বিদ্যুৎ গোলযোগ ঘটল। এর মধ্যে মার্চ মাসেই দুটি পূর্ণাঙ্গ বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে।
আধুনিক ইতিহাসের দীর্ঘতম বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় থাকা দ্বীপ রাষ্ট্র কিউবার সঙ্গে ১৯৬০-এর দশক থেকেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক কার্যত নিষিদ্ধ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প কমিউনিস্ট-শাসিত কিউবার শাসনব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা জোরদার করেছেন।
চলতি বছরের ৩ জানুয়ারি ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সামরিক অভিযানের অনুমোদন দেন। সমাজতান্ত্রিক নেতা মাদুরো কিউবা সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








