সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু ক্লাস চলাকালীন নয়, মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ের গেটের ভেতরে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। স্কুল চলাকালীন কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে এ ঘোষণা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু।
প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, ভালো ফলাফল অর্জন এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার্থীরা যাতে ভূমিকা রাখতে পারে, সে বিষয়টিও সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগে বাধা সৃষ্টি করছে। তাই বিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত তাদের পড়াশোনামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আমাদের সময়ে মোবাইল ফোন কেনার কথা চিন্তাও করতে পারিনি। অথচ এখন মনে হয়, ছেলে-মেয়েরা মোবাইল ছাড়া চলতেই পারে না। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে বিদ্যালয়ের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’
শিক্ষার্থী অভিভাবক জামাল মিয়া বলেন, ‘ছেলে-মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এ কারণে পড়াশোনাও ঠিকমতো করে না। স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করায় ভালো হয়েছে। অন্তত স্কুল চলাকালীন সময়ে তারা মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারবে।’
বিদ্যালয়ের অভিভাবক সদস্য আজিজুল ইসলাম বলেন, ‘আজ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা শিক্ষার্থীদের ভালোর জন্যই। তাদের পড়াশোনায় মনোযোগী করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি ভবিষ্যতে আরও সুনাম ও সাফল্য অর্জন করবে বলে আমরা আশা করি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের ভালো-মন্দের বিষয়টি আমাদেরই চিন্তা করতে হবে। বর্তমানে মোবাইল ফোনের প্রতি আসক্তি দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের এ আসক্তি থেকে দূরে রেখে স্কুল চলাকালীন সময়ে পড়াশোনায় মনোযোগী করা, ভালো ফলাফল অর্জন এবং তাদের ভবিষ্যৎ সুন্দর করার উদ্দেশ্যেই বিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু মোবাইল নিষিদ্ধ করাই নয়, শিক্ষার মান ও পরিবেশকে সময়োপযোগী করে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমরা কাজ করে যাব।’
এ সময় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম, অভিভাবক সদস্য আজিজুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ জেকেএস
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








