শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত, আটক ২
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ PM

শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত, আটক ২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৩:৫৫:২৫ PM

শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত, আটক ২


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের পেছনের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইক (টমটম) চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়া (৩০)কে আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ। জব্দ করা হয়েছে দুর্ঘটনায় ব্যবহৃত ড্রাম ট্রাকটিও।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঢাকা মেট্রো-ট-২৪৬৮৯৭ নম্বরের বালুবাহী ড্রাম ট্রাকটি দ্রুতগতিতে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটির চালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা মারাত্মকভাবে জখম হয়। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

পরে খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত মান্নানকে উদ্ধার করেন। তাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে সড়কে পড়ে থাকতে দেখেন। তার একটি পা বিচ্ছিন্ন এবং অপর পা গুরুতরভাবে জখম ছিল। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।

নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। পরিবার নিয়ে তিনি সিন্দুরখান রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন সন্তানের জনক।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় আহত টমটম চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শ্রীমঙ্গল থানায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর