সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা বিকল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ, ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচর এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জের দলইরগাঁও গ্রামের হাববিুর রহমান এবং কালাইরাগ গ্রামের রাসেল আহমদ।
প্রশাসন জানায়, অভিযানে আটক হাবিবুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে রাসেল আহমেদের বয়স যাচাইয়ের জন্য সাজা অপেক্ষমাণ রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমশিনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমশিনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বারকী নৌকা ব্যবহার কিংবা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি 








