আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৮ PM

আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ১১:১৫:৫৩ AM

আজমিরীগঞ্জে  তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩


হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ফুল মিয়ার ছেলে তানভীর এবং একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২)।

বৃহস্পতিবার রাতে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় আহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং গোছাপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে মিজান মিয়া (২৭)। তারা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বুরো বাংলাদেশ’ এর কর্মী। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা তিনটি মোটরসাইকেল জলসুখা ব্রিজ এলাকায় এসে পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর