বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ক্যারিবীয় দলটির বাংলাদেশ সফরের সূচি মঙ্গলবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। মূল সিরিজ শুরুর আগে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এরপর ২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ম্যাচটি শেষ হওয়ার পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে যাবে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই টেস্টই শুরু হবে সকাল ১০টায়। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান চতুর্থ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। আগামী অক্টোবরের এই দুই ম্যাচ তাই ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ লড়াই হতে যাচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








