সুনামগঞ্জে যানজট নিরসনে অভিযান, ১৮ মামলায় জরিমানা ৩১ হাজার টাকা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ PM

সুনামগঞ্জে যানজট নিরসনে অভিযান, ১৮ মামলায় জরিমানা ৩১ হাজার টাকা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৬:৩৮:১৯ PM

সুনামগঞ্জে যানজট নিরসনে অভিযান, ১৮ মামলায় জরিমানা ৩১ হাজার টাকা


সুনামগঞ্জ শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পৌর প্রশাসন। সোমবার বেলা ২টায় সদর উপজেলার ট্রাফিক পয়েন্টের চারপাশ ও কালীবাড়ি এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে ১৮টি মামলা করা হয়। এসব মামলায় ১৮ জন অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, অনিবন্ধিত ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল এবং যানজট সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পৌর প্রশাসন জানায়, একাধিকবার সতর্ক করার পরও যারা সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সড়ক দখল করে রাখা বিভিন্ন মালামাল ও ব্যবসার কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

মোবাইল কোর্টে মোট ১৮টি মামলা করা হয় এবং ১৮ জনকে অভিযুক্ত করা হয়। এসব মামলায় মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯, দণ্ডবিধি, ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট বিধানের আওতায় এসব ব্যবস্থা নেওয়া হয়।

পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, যানজট নিরসনে বড় ধরনের পদক্ষেপ হিসেবে অনিবন্ধিত ব্যাটারিচালিত অটোরিকশাগুলো আটক করা হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। পাশাপাশি রাস্তার দুপাশে থাকা সিএনজি স্ট্যান্ডগুলো অপসারণ এবং মাছ, সবজি ও ফল বিক্রেতাদের সরিয়ে দেওয়ার কার্যক্রমও চালানো হচ্ছে।

অভিযান শেষ হওয়ার পর উচ্ছেদ করা জায়গা যাতে আবার দখল না হয়, সে বিষয়েও স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। অসীম চন্দ্র বনিক বলেন, অভিযান পরিচালিত স্থানগুলোতে পুনরায় দখল ঠেকাতে পৌরসভা থেকে স্থায়ীভাবে স্টাফ রাখা হবে।

তিনি আরও বলেন, পৌরসভাকে পরিচ্ছন্ন রাখা এবং যানজট নিরসনে সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে সুনামগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।

অভিযানকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা ও দখল সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি অনিবন্ধিত ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সড়কের পাশে থাকা সিএনজি স্ট্যান্ড অপসারণের কার্যক্রম পরিচালনা করা হয়।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের সড়ক ও ফুটপাতের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যানজট ও বিশৃঙ্খলা কমাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তবে উচ্ছেদ করা স্থানগুলো যাতে পুনরায় দখল না হয়, সেজন্য নিয়মিত নজরদারির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কাজে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর