মাঠ পর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ জন্য সংশ্লিষ্ট সব অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা। গত ১৪ সেপ্টেম্বর জারি করা ওই চিঠিতে সংশ্লিষ্ট অফিসগুলোতে অবিলম্বে ডিভাইস স্থাপন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তা ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ই-গভর্ন্যান্স চালুর লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জবাবদিহিতামূলক করার ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি গুরুত্বপূর্ণ।
এর সঙ্গে জনসাধারণ যাতে যথাসময়ে ও নির্বিঘ্নে ভূমি সেবা পেতে পারেন, সে বিষয়টিও চিঠিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে দ্রুত বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকদের ডিভাইস স্থাপনের পাশাপাশি আরেকটি বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে—সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা যেন নিয়মিত বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা ব্যবহার করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
আজকের সিলেট/ জেকেএস









