সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাল্টা ও পার্সিমন ফলসহ মো. জসিম উদ্দিন (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ডিআই পিকআপও জব্দ করা হয়। পুলিশের হিসাবে, জব্দ করা ফলের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী ফল মার্কেটে এ অভিযান চালানো হয়। মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা তামিম ফুট এজেন্সির প্রোপ্রাইটর তৈয়ব আলীর ১১৫ নম্বর দোকানের সামনে অভিযান চালিয়ে ভারতীয় এসব ফল ও পিকআপটি জব্দ করেন।
পুলিশ জানায়, অভিযানে ১ হাজার ৬৫২ কেজি ভারতীয় মাল্টা পাওয়া যায়। এসব মাল্টার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা। পাশাপাশি ২৩০ কেজি পার্সিমন ফল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।
দুই ধরনের ফল মিলিয়ে জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ৬ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা।
আটক জসিম উদ্দিন সিলেটের জৈন্তাপুর থানাধীন হেমজোয়াহেতপুর এলাকার মো. শফিকুর রহমানের ছেলে।
অভিযানের সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১২-০৮১৫ নম্বরের একটি ডিআই পিকআপও আটক করে ডিবি পুলিশ।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় The Special Powers Act, 1974-এর ২৫B(১)(b)/২৫D ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক জসিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









