মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে কুলাউড়া পৌরসভার জয়পাশার জাপানী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে হাসানকে আটক করা হয়।
আটককৃত হাসান বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, হাসান জয়পাশা এলাকায় বসবাস করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, কয়েকজন ব্যক্তি একত্র হয়ে ডাকাতির পরিকল্পনা করছেন এমন গোপন তথ্য পাওয়ার পর জয়পাশা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজনও পুলিশকে সহযোগিতা করেন।
অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ হাসান মিয়াকে আটক করা সম্ভব হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাঁর সহযোগীরা সেখান থেকে পালিয়ে যায়।
ওসি মো. জহিরুল ইসলাম মুন্না জানান, আটক হাসানকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আজকের সিলেট/ জেকেএস
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








