চোখে কালো কাপড় বেঁধে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ AM

চোখে কালো কাপড় বেঁধে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ১০:১২:৫৭ AM

চোখে কালো কাপড় বেঁধে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে না রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্ত করার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এবার চোখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়েছেন তাঁরা।

আন্দোলনের নবম দিনে সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় কলেজের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। চোখে কালো কাপড় বেঁধে ‘অর্থহীন কারিগরি’র বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

এর আগে রোববার বিকেলে কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শন করেন তাঁরা। একই দিন রাতে আয়োজন করা হয় প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা। এর এক দিন আগে শনিবার রাতে ক্যাম্পাসে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল থেকে ঘোষিত এক দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন, কলেজের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. তানভীর মাহমুদ বলেন, এখনো তাঁদের প্রত্যাশা অনুযায়ী কোনো সমাধান আসেনি।

তিনি বলেন, “সম্পূর্ণ আশ্বাস ও সুনির্দিষ্ট সমাধান না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন ও ক্লাস বর্জন অব্যাহত থাকবে।”

এদিকে কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল জানিয়েছেন, ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও তিনি নিয়মিত পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং বাইরে থেকেই আপাতত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।

শিক্ষার্থীদের সোমবারের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “আজ শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে কর্মসূচি পালন করেছেন। আমরা আশা করছি শিগগিরই ভালো কোনো ফলাফল পাবো।”

এর আগে গত ২৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষসহ ১৪ শিক্ষককে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। প্রায় ৩৫ ঘণ্টা পর তাঁদের অবমুক্ত করা হয়।

শিক্ষার্থীদের দাবি, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বোর্ডের পরিবর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে উচ্চশিক্ষার কাঠামো ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চলমান সংকটের সমাধান হবে। এ দাবিতেই ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর