মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ ইসি’র সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৯:২৩:৩৯ পূর্বাহ্ন

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ ইসি’র সভা


ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

ইসির উপসচিব মো. শাহ্ আলমের স্বাক্ষরিত এক চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

সভায় স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচন নিয়ে আলোচনা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়টি আলোচনায় থাকবে।

এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসহ বিভিন্ন বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, সভায় নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করে জানানো হবে নির্বাচন কতটি ধাপে এবং কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে।

ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না বলেও জানান এই কমিশনার। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনের সময়সূচির ধাপগুলো কমিশন নির্ধারণ করে দেবে, আর মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ আশা প্রকাশ করেন, আগে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের সব ধাপ সম্পন্ন করা সম্ভব হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর