জকিগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসস্টেশনের মরইরতল এলাকার পশ্চিম পাশের একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ আহমদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সালাম জানান, জকিগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল একটি বাস। পথে বাসটির সঙ্গে ফরহাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, দুর্ঘটনায় নিহত যুবকের মুখমণ্ডল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আজকের সিলেট/ জেকেএস
জকিগঞ্জ প্রতিনিধি 








