গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুর ১টায় ইনকিলাব মঞ্চের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে গ্রন্থাগার ভবন থেকে চেতনা-৭১ এলাকায় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে ‘গণভোটের রায় মেনে নাও, মেনে নাও’, ‘জুলাই সনদের রায় বাস্তবায়ন করতে হবে- করতে হবে’, ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’ বলে স্লোগান দেন শিক্ষার্থীরা।
দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে কিন্তু সরকার তা বারবার এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন।
তিনি বলেন, “মূলত সরকারের সদিচ্ছার অভাব। সংবিধানের দোহাই দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেনি, তেমনি এ সরকারও একই পথে হাঁটছে।
“আমরা জুলাই আন্দোলনের সময় জায়গায় জায়গায় লিখেছিলাম, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। নির্বাচনের প্রচারণার সময় বিএনপি, জামায়াত, এনসিপি সর্বজনীনভাবে গণভোটের পক্ষে ভোট চেয়েছে। কিন্তু এখন কার পরামর্শে এ ভোটের রায়কে অসাংবিধানিক বলা হচ্ছে?”
গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মনে করেন ফয়সাল হোসেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, “গণভোটের বিষয়টা বিএনপি সরকার এমন পর্যায়ে নিয়ে গেছে- ‘হাসিনা ভালো না’। কিন্তু হাসিনা রেখে যাওয়া সেটআপের মধ্যে মধু রয়েছে।
“সংবিধান সংস্কারের জন্য এ দেশের মানুষ সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে, ক্ষমতায় আসার পর বিএনপি সেটা ভুলে গেছে। অথচ আমরা দেখেছি, বিএনপির ৩১ দফার প্রথম দফায় ‘সংস্কার’ শব্দ ব্যবহার করেছে। অথচ এখন তারা সংস্কার না সংশোধন- এই বাইনারিতে পালানোর চেষ্টা করছে।”
বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, “যে সরকার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, সে সরকারের কাছে এরকম একটা সেটেল বিষয়ে নিয়ে কথা বলতে হচ্ছে, আবারও রাস্তায় দাঁড়াতে হচ্ছে। শামসুর রাহমানের ভাষায়, ‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’, এরকম একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
“গণভোট বাস্তবায়ন নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, যেভাবে খামখেয়ালিপনা করা হচ্ছে। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। বিএনপিও একই পথে হাঁটছে।”
এ সময় শাবিপ্রবি শাখার ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক শোয়াইব আহমদ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব আরিফ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান অনু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আজাদ শিকদার।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








