সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস তাঁর বক্তব্যে বলেছেন, যোগব্যায়াম কেবল একটি শারীরিক অনুশীলন নয়, এটি সুস্থ জীবনযাপনের একটি পূর্ণাঙ্গ দর্শন। নিয়মিত যোগচর্চা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণ অর্জনেও সহায়তা করে। বর্তমান বিশ্বের দ্রুতগতির জীবনযাত্রায় যোগব্যায়াম মানুষের মধ্যে ভারসাম্য, ইতিবাচকতা এবং সুস্থতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষকে একটি সুস্থ ও সচেতন জীবনধারার প্রতি উৎসাহিত করা হচ্ছে। এটি ভারতীয় জ্ঞান ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যোগ আজ বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে। জাতি, ধর্ম ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে যোগ এখন মানবকল্যাণের এক সর্বজনীন মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মৌলভীবাজারের লোকনাথ মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের ৭৫ জন শিক্ষার্থী সহ শতাধিক পুরুষ এবং মহিলা আন্তর্জাতিক যোগ দিবস পালনের ৩দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন এবং মৌলভীবাজারের স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয় যৌথভাবে এই যোগ অনুষ্ঠানটির আয়োজন করে।
যোগ শিক্ষালয়ের অধ্যক্ষ এডভোকেট ভূষণজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন সিলেটস্থ সহকারী হাই কমিশনের দ্বিতীয় কর্মকর্তা শ্রী রাজেশ ভাটিয়া, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান টিপু, ড. মো: আবু তাহের, এডভোকেট অমূল্য কুমার ঘোষ, ডা: এ কে জিল্লুল হক ও শীলা তালুকদার।
অনুষ্ঠানের ৩০ ধরনের আসন প্রাণায়াম প্রদর্শন এবং পরে আন্তর্জাতিক যোগ দিবসের উপর মনোজ্ঞ আলোচনা ও শেষে জলযোগের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
আজকের সিলেট/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








