আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারের লোকনাথ মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের উদ্যোগে তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন পালিত হয়েছে।
শুক্রবার সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন এবং মৌলভীবাজারের স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতীয় সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান টিপু, ড. মো. আবু তাহের, অ্যাডভোকেট অমূল্য কুমার ঘোষ, ডা. এ কে জিল্লুল হক এবং শীলা তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ৩০ ধরনের যোগাসন ও প্রাণায়াম প্রদর্শন করেন। পরে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য ও স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ দাস দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সুস্থ জীবনযাপনে সহায়ক।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জলযোগের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়। তিনদিনব্যাপী এ আয়োজনে যোগব্যায়াম, স্বাস্থ্য সচেতনতা ও মানবকল্যাণ বিষয়ক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আজকের সিলেট/এপি









