সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১৫৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ৫৯ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার হওয়া আসামিরা রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ ৬৮ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
অন্যদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ১৫৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এর মধ্যে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৭৯টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
আজকের সিলেট/ জেকেএস









