জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফেরার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন তিনি।
দুবাই হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করা ওই ফ্লাইটে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।
সূচি অনুযায়ী, ফ্লাইটটির ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা। সেখানে যাত্রাবিরতির পর রাত ২টায় ঢাকার উদ্দেশে আবার উড্ডয়ন করবে বিমানটি। ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
নিউইয়র্ক সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর ভাষণ। প্রথমবারের মতো বাংলায় দেওয়া ওই বক্তব্যে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারের কথা তুলে ধরেন।
পাঁচ দিনের সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তাঁর একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর এই সফর শেষ হওয়ার পর এখন ঢাকায় ফেরার অপেক্ষায় রয়েছে তাঁর বহর।
আজকের সিলেট/ জেকেএস









