মেসির পর আর্জেন্টিনার স্থায়ী অধিনায়ক হচ্ছেন রোমেরো
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ PM

মেসির পর আর্জেন্টিনার স্থায়ী অধিনায়ক হচ্ছেন রোমেরো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ১০:১৮:২৭ AM

মেসির পর আর্জেন্টিনার স্থায়ী অধিনায়ক হচ্ছেন রোমেরো


লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল অধ্যায় শেষ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব স্থায়ীভাবে ক্রিস্টিয়ান রোমেরোর হাতে তুলে দেওয়া হবে। আসন্ন প্রীতি ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

বলিভিয়া, বুর্কিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি জানান, মেসি ও নিকোলাস ওটামেন্দির পর রোমেরোই দলের তৃতীয় অধিনায়ক ছিলেন। ফলে নেতৃত্বের জন্য তাঁকেই বেছে নেওয়া স্বাভাবিক সিদ্ধান্ত বলে মনে করেন আর্জেন্টিনার কোচ।

স্কালোনির ভাষায়, “কুতিই হবে আমাদের নতুন অধিনায়ক। মেসি ও ওটার পর সে আগে থেকেই দলের তৃতীয় অধিনায়ক ছিল।” তবে নির্দিষ্ট পরিস্থিতিতে এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো দে পল ও লাউতারো মার্তিনেজও দলের অধিনায়কের আর্মব্যান্ড পরতে পারেন বলে জানিয়েছেন তিনি।

২৮ বছর বয়সী টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার রোমেরোর জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। ২০২৫ সালে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়কত্ব করেন তিনি। সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। পরে ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষেও অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন রোমেরো।

এর মধ্যেই মেসির জাতীয় দলের শেষ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে আলাদা আবেগ। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা। জাতীয় দলের জার্সিতে সেটিই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শেষ উপস্থিতি।

মেসির বিদায়ের পরই আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গভাবে নিজের কাঁধে তুলে নেবেন রোমেরো।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর