বাংলাদেশের ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘আল জাজিরা ইনভেস্টিগেটস: হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে। ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পাওয়া চারটি প্রযোজনার একটি এটি। আন্তর্জাতিক এমির তালিকায় প্রামাণ্যচিত্রটি কাতারের প্রতিনিধিত্ব করছে।
কাতারভিত্তিক আল জাজিরা ইংলিশের অনুসন্ধানী ইউনিট ‘আল জাজিরা ইনভেস্টিগেটস’-এর ব্যানারে নির্মিত এই তথ্যচিত্রে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রামাণ্যচিত্রটির মূল গবেষক ও প্রধান ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেছেন বাংলাদেশি সাংবাদিক ও আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।
মনোনয়নের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সায়ের। তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতির প্রধান দাবিদার হিসেবে আন্দোলনের সময়ের শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও স্বজনদের কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কঠিন ওই ৩৬ দিন যারা পার করেছেন এবং যারা জীবন দিয়েছেন, এই স্বীকৃতি মূলত তাঁদেরই।
সায়েরের এই অর্জনের খবরে দেশের নির্মাতা ও চলচ্চিত্রাঙ্গনের ব্যক্তিরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। নির্মাতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, শেখ হাসিনার শেষ ৩৬ দিন নিয়ে জুলকারনাইন সায়ের ও উইল থর্ন যখন প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন, তখনই তিনি কাজটির গুরুত্ব বুঝতে পেরেছিলেন।
ফারুকী আরও বলেন, বিভিন্ন প্রতিবেদন ও অনুসন্ধানী প্রামাণ্যচিত্রের মাধ্যমে সত্য তুলে ধরার ক্ষেত্রে আল জাজিরার কাজ প্রশংসার দাবিদার। ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পাওয়ায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এদিকে নির্মাতা আশফাক নিপুণও মনোনয়নের খবরে সায়েরকে অভিনন্দন জানিয়েছেন। সায়েরের পোস্টে মন্তব্য করে তিনি শুভকামনা জানান।
আন্তর্জাতিক এমির এবারের মনোনয়ন তালিকায় মোট ২২টি দেশের ৬৪টি প্রযোজনা ১৬টি বিভাগে জায়গা পেয়েছে। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, ফিলিপাইন, পর্তুগাল, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, তুরস্ক ও যুক্তরাজ্যের প্রযোজনা।
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ৫৪তম আসরের পুরস্কার বিতরণী আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। এর আগে ২০ থেকে ২২ নভেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক এমি ওয়ার্ল্ড টেলিভিশন ফেস্টিভ্যালে মনোনীত প্রযোজনাগুলো নিয়ে বিভিন্ন আয়োজন থাকবে।
‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ এর আগে আন্তর্জাতিক বিষয়ভিত্তিক সাংবাদিকতার জন্য ওভারসিজ প্রেস ক্লাব অব আমেরিকার পিটার জেনিংস অ্যাওয়ার্ডও পেয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








