প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ AM

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ১০:১৩:৪৮ AM

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক নিয়ে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিভিন্ন সরকারি কর্মসূচি ও সফরের অর্জনগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। বুধবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চার দিনের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী প্রায় ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় বৈঠক। এসব আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রফতানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়।

সফরসূচির অংশ হিসেবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলসহ বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রেও সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। এর অংশ হিসেবে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া বিশ্বব্যাংক ও ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং নতুন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়েও নিউইয়র্কে আয়োজিত একাধিক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্বাস্থ্য খাতের সংস্কার, প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা এবং নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। নারীনেতৃত্ব, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং ধাত্রীবিদ্যা-সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের এসব কর্মসূচি, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং সফরের সার্বিক অর্জন ও অন্যান্য দিক তুলে ধরা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর