জেলা নয়, মানুষ দেখে বিয়ে করবেন কেয়া পায়েল
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫১ PM

জেলা নয়, মানুষ দেখে বিয়ে করবেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ১০:১৫:২৩ AM

জেলা নয়, মানুষ দেখে বিয়ে করবেন কেয়া পায়েল


বিয়ে নিয়ে তারকাদের ব্যক্তিগত ভাবনা জানতে বরাবরই আগ্রহী থাকেন ভক্তরা। প্রিয় অভিনেতা-অভিনেত্রীর জীবনসঙ্গী কেমন হবে, কবে বিয়ে করবেন কিংবা সঙ্গী বাছাইয়ে কী বিষয়কে গুরুত্ব দেন এসব প্রশ্ন ঘুরেফিরে আসে অনুরাগীদের আলোচনায়। এবার নিজের বিয়ে ও জীবনসঙ্গী বাছাই নিয়ে সেই কৌতূহলেরই কিছুটা উত্তর দিলেন অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের প্রিমিয়ারে সাংবাদিকদের মুখোমুখি হন কেয়া পায়েল। সেখানে বিয়ে প্রসঙ্গে নিজের পছন্দ ও প্রত্যাশার কথা জানান তিনি।

অভিনেত্রীর কাছে দাম্পত্য সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো বিশ্বাস ও পারস্পরিক সম্মান । জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট জেলা, পরিচয় কিংবা বাহ্যিক বিষয়কে গুরুত্ব দিতে চান না তিনি। বরং মানুষ হিসেবে সেই ব্যক্তি কেমন, সেটিই তার কাছে প্রধান।

কেয়া পায়েলের ভাষায়, ‘সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবো না, মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এত কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে একজন মানুষকে চাই, যাকে নিয়ে সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি।’

তার বক্তব্যে স্পষ্ট, জীবনসঙ্গী নির্বাচনে কোনো নির্দিষ্ট এলাকার পরিচয়ের চেয়ে একজন মানুষের প্রতি আস্থা, পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘদিন একসঙ্গে পথ চলার মানসিকতাকেই বেশি গুরুত্ব দেন তিনি।

এর আগে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে চিত্রনায়ক আরিফিন শুভ ও কেয়া পায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লেখা পোস্ট দিয়ে আলোচনায় আসেন। তাদের পোস্ট দেখে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো গোপনে বিয়ে করেছেন এই দুই তারকা।

পরে অবশ্য জানা যায়, বাস্তব জীবনের বিয়ের কোনো ঘোষণা ছিল না সেটি। বরং তাদের অভিনীত ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের গল্প ও প্রচারণার অংশ হিসেবেই ওই পোস্ট দেওয়া হয়েছিল।

এবার সেই ওয়েব ফিল্মের প্রিমিয়ারে কেয়া পায়েলের বিয়ে নিয়ে সরাসরি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ‘জেলা দেখে নয়, মানুষ দেখে বিয়ে’ অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

কেয়া পায়েল ও আরিফিন শুভ অভিনীত ‘হ্যাপিলি ম্যারিড’ নির্মিত হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীনে। ছবিয়াল সহ-প্রযোজিত এবং চরকি প্রযোজিত এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।

চরকি অরিজিনাল সিনেমাটি আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর মুক্তি পাবে।

মুক্তির আগে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি কেয়া পায়েলের ব্যক্তিজীবন ও বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্যও ভক্তদের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর