জকিগঞ্জ থেকে নিখোঁজ স্কুলছাত্রী মৌলভীবাজার থেকে উদ্ধার : আটক ১
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ PM

জকিগঞ্জ থেকে নিখোঁজ স্কুলছাত্রী মৌলভীবাজার থেকে উদ্ধার : আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০৬:০৫:৫০ AM

জকিগঞ্জ থেকে নিখোঁজ স্কুলছাত্রী মৌলভীবাজার থেকে উদ্ধার : আটক ১


সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে মৌলভীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) সকাল ১০টার দিকে মৌলভীবাজার পৌরশহর থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরী উপজেলার এওলাসার এলাকার সিরাজপুর গ্রামের এবং উপজেলার গোলাম মোস্তফা চৌধুরী হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।

জকিগঞ্জ থানাপুলিশসহ স্থানীয় সংবাদ সূত্র জানায়, রোববার (৩০ জুন) সকালে স্কুলে গিয়ে বিকালে ওই কিশোরী আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তাকে খুঁজে বের করতে তৎপর হয় পুলিশ। একপর্যায়ে মোবাইল ফোন নাম্বার ট্র্যাকিং করে মৌলভীবাজার পৌরশহর থেকে সোমবার সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে জকিগঞ্জ থানাপুলিশের একটি টিম। এসময় তার সাথে থাকা এক কিশোরকেও আটক করা হয়। তবে পুলিশ বলছে, ওই কিশোরীকে অপহরণ করা হয়নি। তবে সে স্বেচ্ছায় কারো হাত ধরে পালিয়ে গিয়েছিল কি না, তাৎক্ষণিক তা জানাতে অপারগতা প্রকাশ করে পুলিশ।

সিলেটের জকিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) সুকান্ত চৌধুরী গণমাধ্যমকে বলেন- ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে তার সাথে থাকা এক কিশোরকেও আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের সঙ্গে আলোচনা হচ্ছে। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর