সিলেটে তিন দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র, পরিবারের কাছে টাকা দাবি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ PM

সিলেটে তিন দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র, পরিবারের কাছে টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৪:২৬:৫৯ PM

সিলেটে তিন দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র, পরিবারের কাছে টাকা দাবি


সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার ১৫ বছর বয়সী দুই শিক্ষার্থী। তাঁদের একজনকে হাত-পা বাঁধা অবস্থায় মারধরের ভিডিও দেখিয়ে পরিবারের কাছে এক লাখ টাকা দাবি এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

নিখোঁজ দুই ছাত্র হলো খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী তামিম আহমেদ ও সাঈদ মাসুদ চৌধুরী (নাঈম)। দুজনেরই বয়স ১৫ বছর।

তামিম দক্ষিণ সুরমার বড়াইকান্দি এলাকার আবদুস সাত্তারের ছেলে। সাঈদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মউগ্রামের বেবুল আহমদের ছেলে।

মাদ্রাসা কর্তৃপক্ষ, নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময়ের ফাঁকে মাদ্রাসা থেকে বের হয়ে যায় তামিম ও সাঈদ। এরপর থেকে তাঁদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাদ্রাসার পরিচালক তোফায়েল আহমেদ বলেন, ফজরের নামাজের সময় দুই ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি পরে জানতে পারেন তাঁরা। এরপর তাঁদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

তামিম এর আগে মাদ্রাসা কর্তৃপক্ষকে না জানিয়ে আরও দুবার বাড়িতে চলে গিয়েছিল বলে জানান তিনি। পরে তার বাবা মাদ্রাসায় এসে তাকে আবার দিয়ে যান।

এদিকে সাঈদের বাবা বেবুল আহমদ অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে ইমো অ্যাপে একটি নম্বরহীন অ্যাকাউন্ট থেকে তাঁকে ভয়েস মেসেজ পাঠিয়ে টাকা দাবি করা হয়। ওই দিন সন্ধ্যার দিকে একই অ্যাকাউন্ট থেকে ভিডিও কল করা হয়। সেখানে তাঁর ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় মারধর করার দৃশ্য দেখানো হয়। পরে তাঁকে একটি ভিডিওও পাঠানো হয়।

বেবুল আহমদের দাবি, এরপর একটি বিকাশ নম্বর দিয়ে এক লাখ টাকা পাঠাতে বলা হয়। টাকা না দিলে তাঁর ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, কারা বা কে তাঁর কাছে টাকা দাবি করেছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন না। বিষয়টি পুলিশকে জানিয়েছেন এবং ছেলেকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন।

তামিমের বাবা আবদুস সাত্তার বলেন, তাঁর ছেলে এর আগেও দুবার মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে চলে গিয়েছিল। এবার নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নিখোঁজের ঘটনায় দুই ছাত্রের অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ শাহপরান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ তাঁদের ছবি দেশের বিভিন্ন স্থানে পাঠিয়েছে বলে জানিয়েছে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, দুই ছাত্র নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। তাঁদের উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইমোতে টাকা দাবির বিষয়ে ওসি বলেন, দেওয়া বিকাশ নম্বরটি যাচাই করে দেখা হয়েছে। নম্বরটি প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রতারক চক্র এমন সুযোগ নিতে পারে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, ইমোতে পাঠানো কয়েক সেকেন্ডের ভিডিওটি অস্পষ্ট। তারপরও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দুই ছাত্রের সন্ধানে পুলিশ কাজ করছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর