মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সিবাজার-মৌলভীবাজার সড়কের শ্রীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে।
দুর্ঘটনায় আহতরা হলেন, হাফিজা বেগম (১৯), লিপন মিয়া (২৮), নজির মিয়া (৫৫) ও অটোরিকশাচালক শুভ চন্দ্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে ফেরার পথে শ্রীনাথপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে যান দুটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই রুমালি বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে হাফিজা বেগম ও নজির মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য আহতরা মৌলভীবাজারের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অটোরিকশা দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








