এক গান গাইতে ২০০ বার টেক দিয়েছেন অরিজিৎ!
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ AM

এক গান গাইতে ২০০ বার টেক দিয়েছেন অরিজিৎ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৯:৫৪:৪১ AM

এক গান গাইতে ২০০ বার টেক দিয়েছেন অরিজিৎ!


বলিউডে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। সিনেমাটির প্রথম গান ‘জয় জয় রাম’ প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গাওয়া ভক্তিমূলক গানটি এরই মধ্যে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।

তবে গানটি প্রকাশের পর সামনে এসেছে আরও চমকপ্রদ এক তথ্য। জানা গেছে, ‘জয় জয় রাম’ গানটির নিখুঁত রেকর্ডিংয়ের জন্য ২০০টিরও বেশি টেক দিয়েছেন অরিজিৎ সিং!

রেকর্ডিং স্টুডিও সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গানটি গাওয়ার সময় অরিজিৎ এতটাই আধ্যাত্মিক আবহে ডুবে গিয়েছিলেন যে বারবার নিজের কণ্ঠ ও পরিবেশনা নিয়ে সন্তুষ্ট হতে চাইছিলেন। ফলে একের পর এক টেক দিতে থাকেন তিনি।

স্টুডিওতে উপস্থিত কলাকুশলীদের কাছেও বিষয়টি ছিল বিস্ময়কর। গানের প্রতিটি লাইনের সুর, শব্দ এবং অন্তর্নিহিত আবেগকে গভীরভাবে উপলব্ধি করেই গাইছিলেন অরিজিৎ। প্রতিটি টেকে যেন আরও নিখুঁতভাবে সেই অনুভূতিকে কণ্ঠে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, গানটির আবেগে অরিজিৎ এতটাই ডুবে গিয়েছিলেন যে রেকর্ডিংয়ের সময় নিজেকে পুরোপুরি গানের কাছে সমর্পণ করেছিলেন। প্রযুক্তিগত খুঁটিনাটি কিংবা রেকর্ডিংয়ের স্বাভাবিক সীমাবদ্ধতার চেয়েও তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল গানের অন্তর্নিহিত অনুভূতিকে সঠিকভাবে তুলে ধরা।

‘জয় জয় রাম’ গানটির কথা লিখেছেন প্রখ্যাত হিন্দি কবি ও গীতিকার কুমার বিশ্বাস। এতে সুর দিয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটি প্রকাশের পর মাত্র তিন দিনের মধ্যেই ডিজিটাল মাধ্যমে ৩ কোটি ৬০ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে বলে জানা গেছে।

সিনেমাটির বহুল আলোচিত ট্রেলার প্রকাশের পরই শ্রোতাদের সামনে আসে গানটি। আর গান প্রকাশের পর অরিজিতের গায়কির পাশাপাশি এর আধ্যাত্মিক আবহও দর্শক-শ্রোতাদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।

ভারতীয় মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত ‘রামায়ণ’-এ শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। লঙ্কাপতি রাবণের ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা ইয়াশ। সীতার চরিত্রে সাই পল্লবী, হনুমানের চরিত্রে সানি দেওল, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, সূর্পণখার ভূমিকায় রাকুল প্রীত সিং এবং লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে।

সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। আর ‘জয় জয় রাম’-এর জনপ্রিয়তার পর সেই প্রত্যাশার পারদ আরও চড়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর