সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিলেন তাহসিন শারমিন তামান্না
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ PM

সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিলেন তাহসিন শারমিন তামান্না

সৈয়দ রাসেল আহমদ

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০৯:০০:২৪ PM

সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিলেন তাহসিন শারমিন তামান্না


সিলেট বিভাগে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তাহসিন শারমিন তামান্না। সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করে তিনি বিভাগের প্রথম নারী হিসেবে এই দৌড়ে অংশ নিলেন।

তামান্না হলেন তুখোড় ছাত্রনেতা ও দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনারের ছোট বোন। পারিবারিকভাবেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় শৈশব থেকেই রাজনৈতিক চেতনায় বেড়ে ওঠা তার। বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে উঠে এসে তিনি নিজেও রাজপথের সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে কাজ করে বর্তমানে তিনি সিলেট জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব ইতোমধ্যেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাকে একটি পরিচিত মুখে পরিণত করেছে।

বিশেষ করে, গুম হওয়া ইফতেখার হোসেন দিনারের রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই রাজনীতিতে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ভাইয়ের অনুপস্থিতিতেও সেই আদর্শকে বুকে ধারণ করে তামান্না ধারাবাহিকভাবে মাঠের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর দলটির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সাধারণ আসনের মতো সংরক্ষিত মহিলা আসনেও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে জড়িত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

এই প্রেক্ষাপটে তাহসিন শারমিন তামান্নার মনোনয়নপত্র সংগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। তারা মনে করছেন, দলীয় আদর্শে বিশ্বাসী, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতৃত্ব থেকে উঠে আসা নারী নেত্রীদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হলে রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে।

এস/আর

সিলেটজুড়ে


মহানগর